তথ্য-প্রযুক্তি

এআই কি চাকরি কেড়ে নিচ্ছে? যা বলছে গবেষণা

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠান এআই প্রযুক্তিতে নিয়মিত বিনিয়োগ করছে, তাদের অনেকেরই কর্মী সংখ্যা বরং বেড়েছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলোতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

র‌্যাম্পরেভেলিও ল্যাবস পরিচালিত যৌথ গবেষণায় প্রায় ২২ হাজার প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, এআই প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা গড়ে ১০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু প্রযুক্তি বিভাগেই নয়, বিক্রয়, প্রশাসন, গ্রাহকসেবা, অর্থ ও বিপণন বিভাগেও নতুন নিয়োগের প্রবণতা লক্ষ্য করা গেছে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এর অর্থ এই নয় যে এআই সব ক্ষেত্রেই নতুন চাকরি তৈরি করছে। কারণ দ্রুত সম্প্রসারণশীল প্রতিষ্ঠানগুলো সাধারণত এআই গ্রহণেও এগিয়ে থাকে। ফলে কর্মী বৃদ্ধি সরাসরি এআইয়ের প্রভাব, নাকি প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রবৃদ্ধির ফল, তা সব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

আরও পড়ুন

এর আগে বিভিন্ন গবেষণায় এআইয়ের কারণে নতুন চাকরিপ্রার্থীদের ঝুঁকিতে পড়ার আশঙ্কার কথা বলা হয়েছিল। গোল্ডম্যান স্যাকস-এর এক গবেষণায় উল্লেখ করা হয়, গত এক বছরে এআইয়ের প্রভাবে প্রতি মাসে প্রায় ১৬ হাজার চাকরি কমেছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তরুণ ও নতুন কর্মীদের ওপর।

তবে নতুন গবেষণার তথ্য ভিন্ন চিত্র তুলে ধরেছে। এতে দেখা গেছে, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ পর্যায়ের চাকরিও প্রায় ১২ শতাংশ বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এআই কেবল মানুষের কাজ প্রতিস্থাপনের প্রযুক্তি নয়, বরং অনেক ক্ষেত্রে এটি উৎপাদনশীলতা বাড়িয়ে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারে। সফটওয়্যার উন্নয়ন, ত্রুটি শনাক্তকরণ, তথ্য বিশ্লেষণ এবং নতুন পণ্য তৈরির মতো কাজে এআই ব্যবহারে খরচ কমছে এবং কাজের গতি বাড়ছে।

তবে শুধু পরীক্ষামূলকভাবে এআই ব্যবহার বা সাবস্ক্রিপশন নেওয়া প্রতিষ্ঠানগুলো তেমন উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমেই এআই থেকে প্রকৃত সুফল পাওয়া সম্ভব বলে মনে করছেন গবেষকরা।

তাদের মতে, ভবিষ্যতে এআই ব্যবহারে এগিয়ে থাকা ও পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান আরও বাড়তে পারে। তাই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে পারা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

একই বিভাগের আরও খবর