রাজনীতি

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি জামায়াতের

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে সংঘটিত ককটেল হামলা একটি ন্যক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনা। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সমাবেশ শুরুর সময় বিদ্যুৎ বিভ্রাট এবং পরে ককটেল বিস্ফোরণের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিরোধীদলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা প্রশাসনের ব্যর্থতার পরিচায়ক। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাসহ পুরো ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সহিংসতা, বোমাবাজি ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও দাবি করেন, কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত ছাড়াই হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

একই বিভাগের আরও খবর