জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অতিথিরা বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পাবনায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, বাসযোগ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে স্কুল পর্যায়ে আয়োজিত পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।