রাজনীতি

দিল্লিতেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি হয়েছে: সারজিস

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আওয়ামী লীগের জন্ম যেখানে, সেখানেই তাদের দাফন হয়েছে। দিল্লির কোনো দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। বাংলাদেশের সার্বভৌমত্বও এমন কোনো দলের কাছে নিরাপদ হতে পারে না। তাই জনগণকে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।”

তিনি বলেন, গত ১৬ বছরে দেশের প্রশাসন দলীয়করণ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রশাসনও শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। প্রশাসন ও পুলিশকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বাহিনীকে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের প্রতীক হতে হবে।

আরও পড়ুন

দেশের বর্তমান ব্যবস্থার সমালোচনা করে সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে সেবা পেতে দালাল, তদবির ও অর্থের ওপর নির্ভর করতে হয়। এমন ব্যবস্থা একটি স্বাধীন ও কল্যাণমুখী রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলের নেতাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ব্যক্তি বা দলের পরিচয়ের চেয়ে কে সৎ, কে অন্যায়ের বিরুদ্ধে এবং কে চাঁদাবাজি ও মাদককে প্রশ্রয় দেয় না, তা বিবেচনা করে ভোট দেওয়া উচিত। এনসিপি যদি সেই মানদণ্ড পূরণ করতে না পারে, তাহলে তাদেরও ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক হুমকিতে দেশের তরুণরা আর ভীত নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পতনের পরও ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি ভাঙেনি এবং নতুন করে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা চলছে।

জাতীয় নাগরিক কমিটি পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জুলাই আন্দোলনের সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ এবং চাটমোহর উপজেলা এনসিপির সদস্য সচিব খায়রুল ইসলাম।

সমাবেশ শেষে চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর নাম ঘোষণা করা হয়। এর আগে দলটির নেতাকর্মীরা চাটমোহর সরকারি কলেজ গেট থেকে পদযাত্রা করে সমাবেশস্থলে পৌঁছান।

একই বিভাগের আরও খবর