শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পাবনায় মাদকবিরোধী সাইকেল র্যালি; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’
কর্মসূচির শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমান। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
বক্তারা বলেন, পাবনায় মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।
আরও পড়ুন
ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, দীর্ঘদিন ধরে মশাল ফাউন্ডেশন মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। তিনি বলেন, পাবনায় মাদকের প্রভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। তরুণদের সচেতন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি মাদকসংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, ‘হয় মাদক ছাড়ুন, না হয় পাবনা ছাড়ুন।’ সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত পাবনা গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, এমন জনসচেতনতামূলক আয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুপ্রাণিত করে। তিনি জানান, পাবনা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। গত ৬১ দিনে জেলায় এক হাজার ১৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পথসভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সাইকেল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক তরুণ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।