সারাদেশ

ক্ষমা না চাইলে সারোয়ার তুষার ও সারজিস আলমকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা: জেলা বিএনপি

জেলা প্রতিনিধি প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জেলা বিএনপির নেতারা।

জুলাই গণঅভ্যুত্থানের সময় পাবনায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু সাঈদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও মুখ্য আহ্বায়ক সারোয়ার আলম তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছিল এবং বিএনপিও সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছিল।

আরও পড়ুন

তিনি অভিযোগ করেন, ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

মাসুদ খন্দকার বলেন, অবিলম্বে এসব বক্তব্য প্রত্যাহার করে শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় পাবনার জনগণ সারোয়ার আলম তুষার ও সারজিস আলমকে জেলার যেকোনো সভা-সমাবেশে অবাঞ্ছিত ঘোষণা করবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, এনসিপির নেতাদের বক্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামীর বক্তব্যের মিল রয়েছে। তার ভাষ্য, দুই সংগঠনের বক্তব্যের ধরন ও ভাষার মধ্যে সাদৃশ্য রয়েছে, যা থেকে জনগণ বিষয়টি বুঝতে পারছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু এবং বর্তমান আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানাসহ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ জুলাই নাটোরে পদযাত্রাকালে সারোয়ার আলম তুষার অভিযোগ করেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস ২০২৪ সালের ৪ আগস্ট পাবনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু সাঈদ চেয়ারম্যানসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। একই অভিযোগে সারজিস আলমও নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন।

একই বিভাগের আরও খবর