জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এ কারণেই বর্তমান পরিস্থিতিতে স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ১৯ জুলাই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই দিন আগেই তিনি দেশে ফিরে আসেন।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উন্নত চিকিৎসা গ্রহণ ও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার হৃদ্‌রোগের পাশাপাশি স্নায়বিক সমস্যারও লক্ষণ ধরা পড়েছে।

আরও পড়ুন

সূত্র জানায়, রাষ্ট্রপতি আগে থেকেই হৃদ্‌রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করিয়েছিলেন এবং পরে শারীরিক দুর্বলতা, কোমর ও পিঠের ব্যথার কারণে যুক্তরাজ্যেও চিকিৎসা নেন। সম্প্রতি শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তিনি আবারও চিকিৎসকদের শরণাপন্ন হন।

বৃহস্পতিবারও রাষ্ট্রপতি নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন বলে বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন। সেদিন তিনি কয়েকটি সরকারি নথিতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে তার স্বাস্থ্যগত অবস্থা এবং পদত্যাগের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

একই বিভাগের আরও খবর