অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) রাতে ‘ইমন’ নামের এক ব্যক্তির মাধ্যমে এক বছরের বিজ্ঞাপনী চুক্তির কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে আশিয়ান গ্রুপের কার্যালয়ে নেওয়া হয়। শুরুতে তার মা-ও সঙ্গে ছিলেন। তবে প্রাথমিক আলোচনার পর তার মা সেখান থেকে চলে গেলে পরিস্থিতির আকস্মিক পরিবর্তন ঘটে।
বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে অভিনেত্রীকে নির্যাতন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
স্নিগ্ধার দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামে অন্য এক নারী ভেবে ভুল করেন। অভিযোগ রয়েছে, ওই নারী পূর্বে তার সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছিলেন বলে চেয়ারম্যান মনে করেন। এ সময় ইমন পরিস্থিতি পরিষ্কার করার পরিবর্তে তাকে ওই পরিচয় মেনে নেওয়ার ইঙ্গিত দেন বলেও অভিযোগ করেন অভিনেত্রী।
এরপর চেয়ারম্যান কক্ষে থাকা অন্যদের বাইরে পাঠিয়ে দেন এবং তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করেন স্নিগ্ধা। তিনি বলেন, তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয়, গলা চেপে ধরা হয় এবং তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
আরও পড়ুন
অভিনেত্রীর ভাষ্য, নির্যাতনের সময় তাকে রাজনৈতিক ব্যক্তিদের নাম উল্লেখ করে বিভিন্ন হুমকিমূলক বক্তব্যও শোনানো হয়। তিনি সন্তানের কথা বলে অনুরোধ করলেও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি করেন।
স্নিগ্ধা আরও অভিযোগ করেন, তার চুল টেনে ধরা হয়, শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা হয়, গরম কফি ঢেলে দেওয়া হয় এবং চাকু দিয়ে মুখ কেটে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
ঘটনার পর তিনি খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।