জাতীয়

হজের টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী মিল্লাত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় যৌক্তিক ব্যয়ে, হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। চলতি বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের ব্যয় আরও কমাতে সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত নির্মাণ কর (এয়ারপোর্ট কনস্ট্রাকশন চার্জ) কমানোর জন্য সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশি হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। কেউ প্রতারণার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি বলেন, বাংলাদেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন, বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তিনি এজেন্সিগুলোকে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজ ও ওমরাহ প্রত্যাশী উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর