জাতীয়

সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা: ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে সেতু ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড চেয়ারম্যান শেখ রবিউল আলম। সভায় বোর্ড সদস্যরা সশরীরে এবং অনলাইনে অংশ নেন।

সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং নতুন প্রস্তাবগুলো তুলে ধরেন। পরে আলোচনা শেষে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের অংশ হিসেবে যমুনা সেতু এলাকায় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) ১২০ একর জমি ইজারা দেওয়া হবে। সেখানে ৫৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

আরও পড়ুন

এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন আরও কার্যকর করতে পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবুজ জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

বোর্ড সভায় উত্তরার দিয়াবাড়িতে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা-সংক্রান্ত চুক্তি পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বৃহৎ সেতু ও অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিবিআরটি) প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০-এর আওতায় 'বার্ষিক বৃত্তি প্রদান' শব্দবন্ধের পরিবর্তে 'বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা' প্রতিস্থাপনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার টেকসই, পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। তিনি বোর্ডের গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

একই বিভাগের আরও খবর