শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগে জোর
তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গর। সেদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দেশটির জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। তবে কিছু নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এ সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন
ঢাকায় পৌঁছানোর দিনই নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া আরেক পোস্টে সার্জিও গর বাংলাদেশ সফর শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করে সফরের বাকি সময় ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।