জাতীয়

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েটের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ঢাকা ওয়াসার নেতৃত্বে এ নিয়োগ শুধু প্রশাসনিক পরিবর্তন নয়; বরং পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর ড্রেনেজ, বন্যা নিয়ন্ত্রণ ও জলবায়ু অভিযোজন বিষয়ে দীর্ঘদিনের গবেষণা ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞের হাতে সংস্থাটির দায়িত্ব অর্পণ করা হয়েছে।

ড. সাব্বির মোস্তফা খানের প্রায় তিন দশকের কর্মজীবনের বড় অংশ কেটেছে পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী প্রকৌশল, বন্যা, জলাবদ্ধতা, নগর ড্রেনেজ এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নসংক্রান্ত গবেষণা ও প্রকৌশল শিক্ষায়।

আরও পড়ুন

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্নাতকোত্তর এবং পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালে বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে তিনি ধাপে ধাপে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তার গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা ঢাকা ওয়াসার কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

একই বিভাগের আরও খবর