বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে, বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সরকার কাজ করছে।
বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: খন্দকার আব্দুল মুক্তাদির
মন্ত্রী জানান, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে এবং নতুন উদ্যোক্তাদের জন্য শিল্প স্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। এ প্রেক্ষিতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে চলতি শীত মৌসুমে প্রাথমিক কার্যক্রম শুরু করার চেষ্টা করা হবে।
শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থায়নের ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা সফলভাবে পরিচালনা করা কঠিন। তাই উৎপাদন খরচ কমাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি অর্থায়নের খরচ কমাতে হবে। জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা, গ্যাস সংযোগ সহজীকরণ এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন
মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত শিল্পপার্কে শুধু অবকাঠামো নয়, বরং কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার ব্যবস্থা থাকবে। উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় কম সুদে ঋণ পাবেন এবং শিল্পায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতেও জোর দেওয়া হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং বগুড়া চেম্বারের সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যবসায়ীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এর আগে, খন্দকার আব্দুল মুক্তাদির বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের স্থান পরিদর্শন করেন।