শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও পরে সাভার উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন: ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ, দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না; সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না। এজন্য তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে 'হেলথ ম্যানেজমেন্ট' বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
পরিদর্শনকালে ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, '২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'
আরও পড়ুন
তিনি আরও জানান, সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি কেবল স্থানীয়দের জন্য নয়, এটি সারা দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকরা এখান থেকে প্রশিক্ষণ পাবেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি 'সুস্বাস্থ্যের বাংলাদেশ' গড়ে তোলার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।