রোববার এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
বিবৃতিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে মিটফোর্ড হাসপাতালের উপপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তাঁর স্থলাভিষিক্ত ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনের সময় আর্থিক অনিয়ম, প্রশাসনিক অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল।
সংগঠনটির দাবি, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ নভেম্বর ডা. শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তদন্তের ফলাফল প্রকাশ না করেই রাজধানীর গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে তাঁকে প্রশাসনিক পদে পদায়ন করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আরও পড়ুন
এনডিএফের দুই দফা দাবির মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার করে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বপদে বহাল করা এবং ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁর গুরুত্বপূর্ণ পদায়ন স্থগিত রাখা।
বিবৃতিতে আরও বলা হয়, মিটফোর্ড হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক নেতৃত্বে স্বচ্ছতা, যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। দাবি বাস্তবায়ন না হলে চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।