বৃহস্পতিবার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
সাক্ষাতে নেপালে সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সহযোগিতা করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো হলেও ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে তা আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ আয়োজনের প্রস্তাব দেন নেপালের রাষ্ট্রদূত। বাংলাদেশ সফরে নেপাল দল প্রস্তুত রয়েছে জানিয়ে একইভাবে বাংলাদেশ দলকেও নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন
নেপালের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশ ক্রীড়া কূটনীতিতে গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর জন্য নেপালের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি। প্রস্তাব পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া নেপালের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশি ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশেষ করে পর্বতারোহণসহ বিভিন্ন ক্রীড়ায় সহযোগিতার জন্য নেপালের প্রতি আহ্বান জানান তিনি।