যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী দেশের ৬৪ জেলার যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে
আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে প্রশিক্ষণ। আগ্রহীদের ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর, মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও পড়ুন
আবেদন করবেন যেভাবে
প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত প্রকল্প পোর্টাল dydaiproject.com-এ প্রবেশ করে ‘Apply Now’ বা ‘অনলাইনে আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে।
এরপর এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও জিপিএসহ শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করতে হবে। স্থায়ী ঠিকানার জেলা নির্বাচন করে সংশ্লিষ্ট প্যাকেজ নির্ধারণ করতে হবে। এরপর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে।
সব তথ্য যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন সফল হলে স্ক্রিনে কনফার্মেশন ও ট্র্যাকিং নম্বর দেখাবে। পরবর্তী প্রয়োজনের জন্য ট্র্যাকিং নম্বরটি সংরক্ষণ করতে হবে।