তিনি বলেন, দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি সহায়তা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি
রোববার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষার মান উন্নত হলে দেশের অগ্রগতিও ত্বরান্বিত হয়। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে খাদ্যমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ করেন। নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
মন্ত্রীকে গণসংবর্ধনা
স্কুলড্রেস বিতরণ অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে বেতিলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ মাকসুদুল হাসান চৌধুরী।
গণসংবর্ধনায় বক্তারা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী রাস উৎসব পুনরায় আয়োজন এবং বিদ্যালয়ের পশ্চিম পাশের লেকটি সংস্কারের দাবি জানান। খাদ্যমন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় মানিকগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী স্থানীয় পরিষদ নির্বাচনেও দলীয় বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী।