গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার প্রথম অংশগ্রহণ।
যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সফরে সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন তিনি।
অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
সফরের শেষ দিন জেপি মরগান আয়োজিত ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।