শনিবার (৩ অক্টোবর) বিমানবন্দর থানার মামলায় তাকে আদালতে নেওয়ার সময় আখতারুজ্জামান বলেন, ‘আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে।’ বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি।
‘মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া’: আক্ষেপ জামায়াত নেতার
আদালতে নেওয়ার সময় প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশকে উদ্দেশ করে কথা বলেন তিনি। একপর্যায়ে মাথার হেলমেট ছুড়ে ফেলে দিয়ে বলেন, ‘জুলুম, নির্যাতন করে আমাদের থামানো যাবে না।’ জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে শুক্রবার (২ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে রাত সোয়া ৭টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, ডিবি আখতারুজ্জামানকে থানায় দিয়ে গেছে। তার বিরুদ্ধে করা মামলায় জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম থানার পুলিশ পরিচালনা করবে।
এর আগে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়।