বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রত্না খাগালিয়া গ্রামের কুড়ের হাটির সুশীল দাসের স্ত্রী। গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্বামী। বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে স্বজনেরা লাশটি রত্না দাসের বলে শনাক্ত করেন।
নিহতের চাচাতো দেবর বলরাম দাস অভিযোগ করেন, রত্না ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটের পর রশি ও পাথর দিয়ে তাঁর হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যা করেছে। নিহতের মামা বিনোদ দাস এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
আরও পড়ুন
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।