ভিডিও ধারণে মগ্ন ওই দম্পতি খেয়াল না করলেও এক পথচারী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
আন্তর্জাতিক
রিল তৈরিতে মগ্ন বাবা-মা, সাগরে ভেসে যাওয়া থেকে শিশুকে বাঁচালেন পথচারী
ভিডিওতে দেখা যায়, সৈকতের তীর ধরে হাঁটার সময় সেলফি স্টিক দিয়ে নিজেদের ভিডিও করছিলেন ওই দম্পতি। একপর্যায়ে শিশুটি ঢেউয়ের ধাক্কায় পানিতে পড়ে যায়। নারীটি একবার পেছনে ফিরে তাকালেও পুনরায় ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন এবং পুরুষটিও ভিডিও করা অব্যাহত রাখেন। মারিয়াম নামের এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে জানান, সৈকতে বেড়াতে গিয়ে তিনি এই ঘটনা প্রত্যক্ষ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির নেশায় সন্তানের নিরাপত্তাকে উপেক্ষা করার এই ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।