শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বক্তব্যের শব্দচয়ন সংশোধন করে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী
পোস্টে তিনি লেখেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন এবং বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চান। ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তাঁর এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাঁদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন
তিনি আরও লেখেন, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তাঁর অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাঁদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।