সভায় প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণের ওপর জোর দেন। প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবাদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের তাগিদ দেন তিনি।
এছাড়া হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম মজুত রাখা এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।