বৃহস্পতিবার (৫ নভেম্বর) আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার ও স্কুলে আয়োজিত তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে সেনাপ্রধান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদান স্মরণ করেন। রেজিমেন্টের উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার ও ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা নিয়ে আলোচনা হয়। পেশাগত উৎকর্ষ বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।
পুনর্মিলনীতে কুচকাওয়াজ উপভোগ করে সেনাপ্রধান প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে ঐক্য, সংহতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাঁচ দশক ধরে আধুনিক প্রশিক্ষণে ভূমিকা রাখা আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তীতে সংশ্লিষ্ট সবার অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
আরও পড়ুন
এর আগে ৩ নভেম্বর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। শহিদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রেজিমেন্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।