ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম ‘প্রিজনার্স মিডিয়া অফিস’ বা ‘মাকতাব আল-ইলাম আল-আসরা’ জানিয়েছে, জানা আবু ওয়ারদা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি ইসরাইলের ড্যামন কারাগারে বন্দি রয়েছেন।
গ্রেপ্তারের আগে জানার পবিত্র কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ করা ছিল। কারাগারে বন্দি থাকার সময় বাকি অংশ মুখস্থ করে সম্পূর্ণ কোরআনের হাফেজ হন তিনি। সম্প্রতি আদালতে নিজের বিচারিক শুনানির সময় উপস্থিত ব্যক্তিদের জানান, তিনি এক বৈঠকেই সম্পূর্ণ কোরআন মুখস্থ তিলাওয়াত করেছেন।
জানা শুধু নিজের হিফজ সম্পন্ন করেই ক্ষান্ত হননি। কারাগারে অন্য নারী বন্দিদেরও কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন তিনি। তার উদ্যোগে কারাগারের ভেতরেই গড়ে উঠেছে ধর্মীয় শিক্ষা ও অধ্যায়নের পরিবেশ।
আরও পড়ুন
জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতিও তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তিনি।
তবে কারাগারের জীবন তার জন্য মোটেও সহজ নয়। ড্যামন কারাগারে বন্দি ফিলিস্তিনি নারীরা খাবারের সংকট, কঠোর বন্দি-পরিস্থিতি এবং বিভিন্ন বিধিনিষেধের মুখোমুখি হচ্ছেন। জানাও গ্রেপ্তার ও এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে বন্দিবিষয়ক সংগঠনটি জানিয়েছে।