সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ
এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনা আবেদন করেছেন। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
রয়টার্সের তথ্যমতে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
আরও পড়ুন
ওই চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে; বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।