অর্থনীতি

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বিপুল সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার, পাশাপাশি প্রতিবেশী ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত কমপ্লায়েন্স ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে। ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান অনুসরণে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া সাভার চামড়া শিল্পনগরীর সিইটিপির সক্ষমতা বৃদ্ধি ও উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আয়বৈষম্য কমাতে এ খাতের বিকাশ অপরিহার্য। বর্তমানে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম; অর্থনৈতিক বৈষম্য কমাতে তা অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের বাধা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা ও আর্থিক শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল ও সিবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও খবর