বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই প্রকল্পের এ ধরনের পরিবর্তন প্রশ্নবিদ্ধ।
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে আর্থিক বা পরিচালনগত সমস্যা থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে; কোনো অনিয়ম বা কারিগরি ভুলের দায় বিআরটি ব্যবস্থা কিংবা বাস লেনের ওপর চাপানো ঠিক হবে না। প্রকল্পের শুরু থেকে সব নথিপত্র সংরক্ষণ করে স্বার্থের সংঘাত নেই এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন এবং ফলাফল জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি। বিমানবন্দর-গাজীপুর করিডরে বিআরটি চালু হলে যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরের বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি; অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কারণ এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স প্রকল্পের সার্বিক তথ্য প্রকাশ করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।
আরও পড়ুন
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ বলেন, প্রকল্পে ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত; পুরো প্রকল্প বাতিল করা বড় ধরনের ভুল হবে। পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী বলেন, বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে; বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা থাকায় প্রকল্প বাতিল হলে বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বাস্তবায়নও প্রশ্নের মুখে পড়বে। সংবাদ সম্মেলনে ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন, স্বাধীন তদন্ত কমিশন গঠন, করিডরকে আরবান আর্টারি ঘোষণা ও বিআরটি লেন বহাল রাখাসহ আট দফা দাবি তুলে ধরা হয়।