বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম কোয়ার্টারের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে। আমাদের কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে এবং প্রথম প্রান্তিকের তুলনায় আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে। হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। জনগণের কষ্টের টাকার প্রতিটি পাই-পয়সার যেন সঠিক মূল্যায়ন হয়, সেদিকে আমাদের কঠোর নজর রয়েছে। আমরা এমনভাবে প্রকল্পগুলো প্রণয়ন করছি যেন প্রতিটি বিনিয়োগের যথাযথ রিটার্ন আসে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।
আইএমএফ ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী জানান, আইএমএফের ঋণ বা সহায়তা একটি সুসংহত অর্থনৈতিক প্রোগ্রামের অংশ। বিশ্বব্যাংক, এডিবি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখা হচ্ছে। আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপে দেশের রাজস্ব আয় ও আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় থাকবে এবং দিনশেষে দেশের জনগণ এর সুফল পাবে।