আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে ‘Cybersecurity and Data Protection’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। ‘Cybersecurity for Resilient Digital Government’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারের ‘Cyber Resilience for Bangladesh: Priorities and Actions’ শীর্ষক প্যানেল অধিবেশনে সেশন চেয়ার হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিককেন্দ্রিক ডিজিটাল শাসনব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তার কৌশলগত অগ্রাধিকার: জনপ্রশাসন উপদেষ্টা
দেশের ক্রমবর্ধমান ডিজিটাল নির্ভরতার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ কোটি ৮০ লাখ মানুষ ইন্টারনেট এবং ১২ কোটি ২০ লাখ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার দিকে দেশ এগিয়ে যাচ্ছে; তবে এসব অগ্রগতির সঙ্গে সাইবার নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, অতীতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা আমাদের সাইবার নিরাপত্তার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। সম্প্রতি সাইবার বিশেষজ্ঞ অলিভিয়ের নক্সের প্রতিবেদনে হাসপাতালের ব্লাড ব্যাংক, খাদ্যগুদাম ও বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলার ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সুরক্ষা, ফিশিং, হ্যাকিং ও আর্থিক জালিয়াতি প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
দেশীয় প্রযুক্তির বিকাশ ও তথ্যের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, পশ্চিমা বিশ্বের অনেক ডিজিটাল পণ্য ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও নজরদারির সুযোগ তৈরি করে। রাষ্ট্রীয় ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি প্ল্যাটফর্মে উন্মুক্ত থাকলে তা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে সরকারি গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রম পরিচালনায় নিজস্ব প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) সভা বিদেশি জুম প্ল্যাটফর্মের পরিবর্তে দেশীয় অনলাইন প্ল্যাটফর্মে আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি দেশে ব্যবহৃত সফটওয়্যারগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা যথাযথভাবে যাচাই করা হবে।
আরও পড়ুন
সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রযুক্তি, বিশেষায়িত তদন্ত দক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী করা হবে। তবে নজরদারি প্রযুক্তি কোনোভাবেই জনগণের ওপর নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না; এ ধরনের প্রযুক্তির ব্যবহার অবশ্যই সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ও জবাবদিহির আওতায় থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, এআই নতুন সম্ভাবনা তৈরি করলেও দেশের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োগ কতটা প্রয়োজন, তা বিবেচনা করতে হবে; কারণ বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ এখনো জীবিকার সংস্থান করতে সংগ্রাম করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ তরুণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নির্ভরযোগ্য ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি খাত, শিক্ষাবিদ, টেলিযোগাযোগ খাত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘E-ffective Governance: Accelerating e-government and digital public services in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের প্যানেল আলোচনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা মডারেটরের দায়িত্ব পালন করেন। আলোচনায় অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুর রাজ্জাক এবং ব্রেইনস্টেশন-২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।