সারাদেশ

ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’

জেলা প্রতিনিধি প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে গোবিন্দপুর ও লামচর মৌজায় সরকারি খাসজমি এবং সাধারণ মানুষের জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন সোহেল। সরকারি ১/১ খতিয়ানের সাবেক দাগ নম্বর ১৪৯৫ এবং বিএস দাগ নম্বর ৮৫১০-এর জমির টপসয়েল বিক্রি করেও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া লামচর মৌজার বিএস দাগ নম্বর ৮৫৬৫ ও ৮৫৬৭-এর জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টপসয়েল কেটে বিক্রি করে দেন সোহেল। স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডে তাঁকে মদদ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

পটপরিবর্তনের পর তিনি গোয়ালভাওর বাজারে ডাকাতিয়া নদীর পাড় দখল করে অবৈধ আড়ত গড়ে তুললে সেনাবাহিনীর হস্তক্ষেপে তা উচ্ছেদ করে প্রশাসন। এ ছাড়া সরকারি চাল চুরির ঘটনায় এক ইউপি সদস্যের সঙ্গে আঁতাত করে উল্টো ওলি উল্যাহ নামের এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের। এত সব বিতর্কের পরও এক প্রভাবশালী জামায়াত নেতার সুপারিশে তিনি সদ্য ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সুপারভাইজার নিযুক্ত হয়েছেন। দলের ভাবমূর্তি রক্ষায় অনুপ্রবেশকারী এই সোহেলের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা।

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহেল বেপারী বলেন, সরকারি খাসজমি দখল, মাটি বিক্রি কিংবা কাউকে ভয়ভীতি দেখিয়ে কোনো সম্পদ দখলের সঙ্গে তিনি জড়িত নন। তাঁর দাবি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রয়োজনে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা যেতে পারে। সরকারি চালের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত হয়েছে। কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তদন্ত করেছে। সেখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এ ছাড়া উপজেলা পর্যায়েও একাধিকবার তদন্ত হয়েছে। বিজিডি কার্ডধারীদের বাড়িতে গিয়ে সাংবাদিক, কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য যাচাই করেছেন। এসব তদন্তেও তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

 

সোহেল বেপারীর ভাষ্য, যে দোকানে চাল পাওয়া গিয়েছিল, সেই দোকানের মালিকের সঙ্গে তাঁর আগে থেকেই জায়গা নিয়ে বিরোধ ছিল। তাঁর দাবি, চাল উদ্ধারের ঘটনার দুই-তিন মাস আগে ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে তাঁকে ওই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হলে তিনি আদালতে মামলা করেন। এ-সংক্রান্ত কাগজপত্র তাঁর কাছে রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, চালের ডিলার বা এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। তাঁর মূল পেশা মাছ চাষ ও মাছের ব্যবসা।

 

গোয়ালভাওর বাজারের দক্ষিণ পাশে ডাকাতিয়া নদীর পাড় দখল করে দোকান ও মাছের আড়ত স্থাপনের অভিযোগ প্রসঙ্গে সোহেল বেপারী বলেন, বাজারের সাবেক সভাপতি আলী হোসেন মিয়ার কাছ থেকে তিনি জায়গাটি কিনেছিলেন। তাঁর দাবি, জায়গাটির জন্য তিনি টাকা দিয়েছিলেন এবং এ-সংক্রান্ত কাগজপত্রও রয়েছে। তবে পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দলিলের জায়গাটি নদীগর্ভে চলে গেছে। নদীগর্ভে বিলীন হওয়া জমির মালিকানা নিয়ে জটিলতার বিষয়টি জানার পর তিনি ওই জায়গায় আর কোনো কার্যক্রম চালাননি। তিনি বলেন, সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদের সময়ও জায়গাটি কেনার বিষয়ে কাগজপত্র দেখানোর কথা জানিয়েছেন। পরে ওই জায়গায় থাকা মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে কোনো দোকান বা মাছের আড়ত পরিচালনা করছেন না। সরকারি মাটি বিক্রি এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ বা সম্পদ নেওয়ার অভিযোগও অস্বীকার করেন সোহেল বেপারী। তিনি বলেন, কারও কাছ থেকে জোর করে কিছু নেননি কিংবা সরকারি মাটি বিক্রি করেননি। এসব অভিযোগ প্রমাণিত হলে আইনগতভাবে যে সিদ্ধান্ত হবে, তা মেনে নেবেন।

 

ফ্যামিলি কার্ডের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নিজের যোগ্যতার ভিত্তিতেই তিনি সংশ্লিষ্ট দায়িত্ব পেয়েছেন। তাঁর দাবি, এ ক্ষেত্রে কেউ তাঁকে সুপারিশ করেননি। তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সোহেল বেপারী বলেন, জামায়াতের রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

নিজের পেশা সম্পর্কে সোহেল বেপারী বলেন, ২০১৪ সালে অনার্স ও মাস্টার্স শেষ করার পর থেকে তিনি মাছের ব্যবসা ও মাছ চাষের সঙ্গে যুক্ত। তাঁর বাবা আগে থেকেই মাছ চাষ করতেন। বর্তমানে তিনি মাছের আড়ত পরিচালনার পাশাপাশি বিভিন্ন জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করেন। এ কাজে তিনি একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কার পেয়েছেন এবং জাতীয় পর্যায়েও পুরস্কৃত হয়েছেন বলে দাবি করেন। এ ছাড়া গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন তিনি। সব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে সোহেল বেপারী বলেন, তাঁর বক্তব্যের সত্যতা যাচাই করতে সাংবাদিকেরা সরেজমিনে তাঁর এলাকায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে পারেন।

 

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, সোহেল বেপারীরা এলাকায় প্রভাব বিস্তার করেন। নিজেদের প্রভাব খাটিয়ে তাঁরা অবৈধকে বৈধ এবং বৈধকে অবৈধ করার চেষ্টা করেন। তাঁদের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তাঁরা বিএনপির কেউ নন। বরং স্বতন্ত্র সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাঁর অভিযোগ, নির্বাচনের সময় তাঁদের ভূমিকা ছিল জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাঁরা নৌকার পক্ষেও নির্বাচন করেছেন। তিনি আরও বলেন, নিজেদের সুবিধা অনুযায়ী তাঁরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ নেন। তাঁদের নিজস্ব কোনো রাজনৈতিক আদর্শ বা দলীয় অবস্থান নেই বলে মন্তব্য করেন তিনি।

 

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য মাহাবুব রুবেল বলেন, সোহেল বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন নয়। এর আগে তাঁর বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছিল এবং এ নিয়ে তদন্তও হয়েছে বলে দাবি করেন তিনি। মাছ চাষের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি ইজারা নিয়ে সেসব জমির মাটি কেটে বিক্রি করার ঘটনাও ঘটেছে। এ নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে এবং পুলিশ তাঁকে আটক করেছিল। সোহেল বেপারীর রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনের সময় তাঁর পদ পুনর্বহাল করা হলেও পরবর্তী সময়ে নতুন করে কোনো পদ-পদবি দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, সোহেল বেপারী বিএনপির নেতা কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কতটুকু সত্য, আর কতটুকু মিথ্যা, তা যাচাই না করে মন্তব্য করতে চান না। অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেন এই ইউপি সদস্য।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ আহম্মদ বলেন, সোহেল বেপারীর বিরুদ্ধে মাটি কাটা বা বিক্রির বিষয়ে তাঁদের দপ্তরে কোনো অভিযোগ আসেনি। এ ধরনের কোনো অভিযোগের তথ্য তাঁর কাছেও নেই। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাটি কাটা সংক্রান্ত কোনো অভিযোগ বা ঘটনা সম্পর্কে তাঁরা অবগত নন। তবে বিষয়টি সাংবাদিকের কাছ থেকেই প্রথম জানতে পেরেছেন বলে জানান তিনি।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান বলেন, সোহেল বেপারীর বিরুদ্ধে টপসয়েল বিক্রির অভিযোগ সম্পর্কে তাঁর কাছে আপাতত কোনো তথ্য নেই। তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। ফলে ঘটনাটি পুরোনো হলে সে বিষয়ে তাঁর জানা না-ও থাকতে পারে। তিনি বলেন, তাঁরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। গতকালও অভিযান চালিয়ে ড্রেজার ও ট্রাক বন্ধ করেছেন। তবে সোহেল বেপারীর বিরুদ্ধে টপসয়েল বিক্রির অভিযোগসংক্রান্ত কোনো তথ্য বর্তমানে তাঁর কাছে নেই।

একই বিভাগের আরও খবর