স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী ৬৫ বছর বয়সী দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদারের বিরুদ্ধে।
শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট
শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার দিন সকালে তার বাবা আলমাছ শিশুটিকে নিয়ে অভিযুক্তের বাড়িতে যান। সেখানে অভিযুক্তের মোবাইল ফোনে কার্টুন দেখছিল শিশুটি। একপর্যায়ে শিশুটিকে সেখানে রেখে আলমাছ চলে গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর যৌন নির্যাতন চালান। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরেন বলেও অভিযোগ করেন শিশুটির মা।
আরও পড়ুন
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দেলোয়ার শিকদারকে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়। এ ঘটনার পরই সামনে আসে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ।
আদালতে দাখিল করা অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত ৭টা থেকে ৯টার মধ্যে ভেদুরিয়া বাজারসংলগ্ন সরদারকান্দি গ্রামের রেহেনা বেগমের বসতঘরে হামলার ঘটনা ঘটে। বাড়ির চলাচলের পথ নিয়ে পূর্ববিরোধের জেরে একাধিক লোকজন সংঘবদ্ধ হয়ে রড ও জিআই পাইপ নিয়ে বাড়িতে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় রেহেনা বেগম ও পরিবারের সদস্যদের মারধর, প্রাণনাশের হুমকি এবং তার শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৭ ভরি স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা নগদ লুট করে নেওয়া হয়। পাশাপাশি বসতঘরের আসবাবপত্র, দেয়াল ও প্রধান ফটকসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। ভুক্তভোগীর দাবি, ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে, চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী হামলা-লুটপাটের ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা শিশু নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, শিশু নির্যাতনের অভিযোগ এবং বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।