স্বাস্থ্য

ডায়াবেটিসের ঝুঁকিতে শিশু থেকে বৃদ্ধ সবাই

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১ মিনিটে পড়া যাবে
বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যায় বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম। এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে; তখন দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২ কোটি ২৩ লাখে। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে; এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় এই রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব; যারা এখনো আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য ও শরীরচর্চার মাধ্যমে প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।

বিজ্ঞাপন

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের (বিডিএইচএস) তথ্য বলছে, ২০১৭-১৮ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ছিল ৯ দশমিক ২ শতাংশ ও প্রি-ডায়াবেটিস ১৩ দশমিক ৩ শতাংশ; প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত। বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে দেশে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ। অর্থাৎ আক্রান্তদের বড় অংশ রোগ সম্পর্কে অবগত নন; রোগী শনাক্ত হওয়ার আগেই জটিলতা তৈরি হচ্ছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের আগের গুরুত্বপূর্ণ পর্যায় প্রি-ডায়াবেটিস; এ পর্যায়ে জীবনযাপনে পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো যায়। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, ৫ থেকে ৬ শতাংশ ওজন কমানো, সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট দ্রুত হাঁটা এবং ভাত-ময়দা-মিষ্টি পানীয় নিয়ন্ত্রণে রাখতে হবে; এসব মেনে যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ ও ভারতে ২৮ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রবণতা কমেছে।

বিজ্ঞাপন

গর্ভকালীন ডায়াবেটিস নিয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে বড় আকারের শিশু, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান ও নবজাতকের হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে; মায়ের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও ৯ থেকে ১০ গুণ বেড়ে যায়। এ ক্ষেত্রে তিনি সর্বজনীন স্ক্রিনিংয়ের ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আট দফা সুপারিশ তুলে ধরেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। সুপারিশের মধ্যে রয়েছে জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ৫-১০ বছরের রোডম্যাপ ঘোষণা, ৩৫ বছরের বেশি বয়সী সবার ডায়াবেটিস পরীক্ষা, উপজেলা-ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা অবকাঠামো ও নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ, সব অন্তঃসত্ত্বা নারীর ডায়াবেটিস পরীক্ষা, বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বাস্থ্যশিক্ষা চালু, এন্ডোক্রাইনোলজিস্টদের সরকারি পদ সৃষ্টি, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং দলভিত্তিক ফলোআপ চালু। সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক, নার্স ও ডায়েটিশিয়ানদের মডিউলভিত্তিক প্রশিক্ষণ এবং সাশ্রয়ী ওষুধের সহজপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

একই বিভাগের আরও খবর