বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।
জেদ্দায় বাংলাদেশ-সৌদি বৈঠক, হজের কোটা বৃদ্ধির আশ্বাস
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে কোনো দেশ বরাদ্দকৃত হজের কোটা পূরণ করতে ব্যর্থ হলে বা সম্পূর্ণ ব্যবহার করতে না পারলে, সেই অব্যবহৃত কোটা বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস দেন। তিনি বলেন, এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ হজ ব্যবস্থাপনা, ওমরাহ ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহও ব্যক্ত করেন তিনি।
বৈঠকে সৌদি আরবের পক্ষে উপস্থিত ছিলেন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম। বৈঠকটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।