শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সভরেন গ্যারান্টি থাকায় ভারত ও আদানির চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী
মন্ত্রী বলেন, সভরেন গ্যারান্টি একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, যার ওপর ভিত্তি করে ওই কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কোনো দেশ সভরেন গ্যারান্টি দেওয়ার পর দর-কষাকষি করতে পারে, কিন্তু চুক্তি বা গ্যারান্টি বাতিল করতে পারে না। এটি বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রেডিট রেটিং কমে যাবে এবং বহির্বিশ্বের মানুষ আমাদের ওপর আর বিশ্বাস রাখবে না।
তিনি জানান, ভারতের সঙ্গে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল আলোচনা করে এসেছে এবং ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে আলোচনা চলছে। দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে নেতিবাচক প্রভাব পড়লে দেশে বিদ্যুৎ থাকবে না। তাই সবকিছু সামলে নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়, সেই চেষ্টাই চলছে।
আরও পড়ুন
দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (আইপিপি) ক্ষেত্রেও একইভাবে সভরেন গ্যারান্টি দেওয়া আছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার তাদেরও আলোচনার টেবিলে এনে দাম কমানোর বিষয়ে কথা বলছে। তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের ভাড়া ও অন্যান্য জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা উল্টো দাম বাড়ানোর দাবি তুলছেন। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার হয়তো আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।