শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনব্যাপী চলা অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে এশার আজান চলাকালে অনুষ্ঠানস্থলে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অনুষ্ঠানস্থলের কাছাকাছি হওয়ায় আজানের সময় গান বন্ধ রাখার অনুরোধ করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়; একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি সংগঠনটির।
আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া বলেন, ‘ক্যাম্পাসে যখন আজান হচ্ছিল, তখন অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উচ্চস্বরে ডিজে গান বাজানো হচ্ছিল। একদিকে আজান হচ্ছে, অন্যদিকে উচ্চস্বরে গান বাজছে — বিষয়টি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। তাই আমরা তাঁদের গান বন্ধ রাখতে বলি। কিন্তু এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকা কয়েকজন এবং ছাত্রদলের সাবেক ও যুবদলের কয়েকজন নেতা আমাদের ওপর আক্রমণ করেন।’ তিনি আরও বলেন, ছাত্রদলের সাবেক একজন নেতার নেতৃত্বে এ হামলা হয়; এতে সাধারণ সম্পাদক ফেরদৌস শেখের হাত ও কানে আঘাত লেগেছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন
এদিকে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে মহসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা; তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, ‘আমরা শুনেছি, আজানের সময় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ এ বিষয়ে বক্তব্য জানতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।