শনিবার (২১ নভেম্বর) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেন মোদি।
আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি
তিনি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না হলে এক বছর স্বর্ণ কিনবেন না। এই দেশবাসী আমার কথা শুনেছেন। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিলেন, আর দেশের মানুষ স্বর্ণ কেনা কমিয়েছেন। এখন স্বর্ণের দাম কমেছে। এখন মানুষ আমাকে বলছেন, মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি। এতে আমাদের অর্থ সাশ্রয় হয়েছে।’
নিজের আহ্বানের সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি উদ্যোগের তুলনা করেন মোদি। তিনি বলেন, ‘১৯৬৫ সালে খাদ্যসংকটের সময় শাস্ত্রীজি দেশবাসীকে একবেলা খাবার বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন দেশের মানুষ তার কথা মেনেছিলেন। আমার দেশের মানুষের সেই মানসিকতা এখনো আছে।’
আরও পড়ুন
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম গত ৯ মে ছিল ১৫ হাজার ২৫০ রুপি। ২১ নভেম্বর তা কমে দাঁড়ায় ১২ হাজার ৫২৩ রুপিতে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানান মোদি। হায়দরাবাদে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘স্বর্ণ কেনার ক্ষেত্রেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছরের জন্য অপ্রয়োজনে স্বর্ণ না কেনার সিদ্ধান্ত নিতে হবে।’
এ ছাড়া সাত দফা আহ্বানের মধ্যে জ্বালানি ব্যবহার কমানো, বাসা থেকে কাজের সুযোগ বাড়ানো এবং বিদেশ ভ্রমণ কমানোর কথাও বলেছিলেন তিনি। সেপ্টেম্বরে আবারও প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী। মে মাসে ভারত সরকার স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে। মোদির আহ্বানের পরদিনই দেশটির জুয়েলারি কোম্পানিগুলোর শেয়ারের দামে বড় পতন ঘটে।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমেছে। এ সময়ে স্বর্ণ আমদানিতে ব্যয় হয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা কমে দাঁড়িয়েছে ১৬২ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় এই চাহিদা ২৯ শতাংশ কম। একই সময়ে স্বর্ণালংকারের চাহিদা ২০ শতাংশ কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে।