ডার্ক চকলেট মূলত কোকো থেকে তৈরি হয়। দুধের চকলেটের তুলনায় এতে কোকোর পরিমাণ বেশি ও চিনি কম থাকে। কোকোতে থাকা ফ্ল্যাভানল শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। সাধারণত ৭০-৮৫ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ তুলনামূলক বেশি থাকে। তবে এতে ক্যালরি ও চর্বিও যথেষ্ট, তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
ডার্ক চকলেট খেলে কি উপকার হয়?
হৃদ্যন্ত্রের জন্য
ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভানল রক্তনালির কার্যকারিতা উন্নত করতে ও রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, কোকোর ফ্ল্যাভানল রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে। তবে শুধু ডার্ক চকলেট খেয়ে হৃদ্রোগের ঝুঁকি দূর করা সম্ভব নয়।
আরও পড়ুন
রোগ প্রতিরোধে ভূমিকা
এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস ও ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করে। কোকোতে থাকা এপিক্যাটেচিন ইনসুলিনের কার্যকারিতা ও বিপাকপ্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে। তবে ডার্ক চকলেট ডায়াবেটিস প্রতিরোধ বা চিকিৎসার বিকল্প নয়; এতে থাকা চিনির পরিমাণও বিবেচনায় রাখা জরুরি।
মস্তিষ্ক ও মেজাজে প্রভাব
ডার্ক চকলেটের ফ্ল্যাভানল মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়াতে ভূমিকা রাখতে পারে, ফলে স্মৃতিশক্তি ও মনোযোগে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারও কারও ক্ষেত্রে এটি মেজাজ ভালো রাখতেও সহায়ক; কিছু গবেষণায় কোকো গ্রহণের সঙ্গে মানসিক চাপের হরমোন কর্টিসলের মাত্রা কমার সম্ভাব্য সম্পর্ক পাওয়া গেছে।
ওজন ও শারীরিক কর্মক্ষমতা
ডার্ক চকলেটে থাকা খাদ্যআঁশ দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে। তবে ক্যালরি বেশি থাকায় বেশি খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। এপিক্যাটেচিন নাইট্রিক অক্সাইডের কার্যক্রমে প্রভাব ফেলে রক্তপ্রবাহ উন্নত করতে পারে, যা শারীরিক পরিশ্রমের সময় পেশিতে অক্সিজেন সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
কেনার সময় সতর্কতা
উপকার পেতে সাধারণত ৭০ শতাংশ বা তার বেশি কোকোযুক্ত চকলেট বেছে নেওয়া ভালো। কেনার আগে প্যাকেটে ক্যালরি, চিনি ও চর্বির পরিমাণ দেখে নেওয়া উচিত। ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে, তাই ক্যাফেইনে সংবেদনশীল ও ঘুমের সমস্যায় ভোগা ব্যক্তিদের পরিমাণ ও সময়ের বিষয়ে সতর্ক থাকা উচিত। সব মিলিয়ে, ডার্ক চকলেট কোনো রোগের ওষুধ বা চিকিৎসার বিকল্প নয়; সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত পরিমাণে খেলেই এর সম্ভাব্য উপকারিতা পাওয়া যেতে পারে।