ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ঘটে এই ঘটনা। থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়ে ছিলেন মেসি। এ সময় তার কাছাকাছি ছিলেন কলম্বাসের চিলিয়ান ফরোয়ার্ড গঞ্জালো তাপিয়া। মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন তিনি। এর মধ্যেই বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন মেসি।
মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন তাপিয়া লাফিয়ে উঠে থ্রো-ইন ঠেকানোর চেষ্টা করেন। তখন তার মাথার দিকে বল ছুড়ে মারেন মেসি। বলের আঘাতে মাটিতে পড়ে যান তাপিয়া। এরপর মেসিকে রেফারির কাছে নিজের পক্ষে সিদ্ধান্ত চাওয়ার ভঙ্গিতে দেখা যায়।
রেফারি অ্যালেন চ্যাপম্যান ঘটনাটি দেখে মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে মেসির এমন আচরণের পরও লাল কার্ড না দেখানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেক ফুটবল সমর্থক। তাদের কেউ কেউ মনে করছেন, একই ঘটনা অন্য কোনো খেলোয়াড় ঘটালে শাস্তি আরও কঠোর হতে পারত।
আরও পড়ুন
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন তাপিয়াও। তার দাবি, গ্যালারি থেকে মেসিকে লক্ষ্য করে ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে স্লোগান দেওয়া হচ্ছিল। সমর্থকদের সেই স্লোগানে মেসি বিরক্ত হয়েছিলেন বলে মনে করেন তিনি। তাপিয়া বলেন, 'তিনি ক্ষুব্ধ ছিলেন, কারণ আমাদের সমর্থকেরা স্লোগান দিচ্ছিলেন। সত্যি বলতে, পরিস্থিতি যদি উল্টো হতো এবং আমি মেসির সঙ্গে এমন আচরণ করতাম, তাহলে আমাকে নিশ্চিতভাবেই মাঠ ছাড়তে হতো।'
ফুটবলে সবার জন্য একই নিয়ম কার্যকর হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তাপিয়া। তার অভিযোগ, মেসির ক্ষেত্রে সব সময় নিয়মের সমান প্রয়োগ দেখা যায় না। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেখানেও মেসি প্রতিপক্ষের খেলোয়াড়দের তুলনায় বাড়তি সুবিধা পেয়েছেন।