আজ এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় বোর্ডের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১)-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি গ্রেডের শ্রমিকদের প্রাপ্ত মজুরি সমন্বয়সাধনের প্রয়োজন হলে সেক্ষেত্রে ন্যূনতম ৩ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক যে গ্রেডে কাজ করেন, সেই সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪)-এ শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম ১৮ হাজার টাকা মজুরির দাবি জানালেও সংখ্যাগরিষ্ঠের ভোটে (মালিকপক্ষের ২টি ও নিরপেক্ষ/সরকারি প্রতিনিধির ২টিসহ মোট ৪ ভোটের বিপরীতে শ্রমিকপক্ষের ২ ভোট) ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের
বর্তমানের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হলেও বর্তমান বাজারদরের সাথে তা মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকদের দাবিকৃত আর মাত্র ১ হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের খুব বেশি ক্ষতি হতো না! বরং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসতো।
বিবৃতিতে বৈষম্যের চিত্র তুলে ধরে নেতৃবৃন্দ আরও বলেন, একদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যেখানে একজন সর্বনিম্ন স্তরের সরকারি কর্মচারীর বেতনও প্রায় ৩৬ হাজার টাকা। অথচ একজন গার্মেন্টস শ্রমিক ও একজন সরকারি কর্মচারী একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন এবং একই সমাজে বসবাস করেন। এই আকাশচুম্বী বৈষম্য ও মাত্র ১৭ হাজার টাকা বেতনে একজন শ্রমিকের পক্ষে ৪ সদস্যের পরিবার নিয়ে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন। নিরপেক্ষ ও সরকারি প্রতিনিধিরা শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান না নিয়ে মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় শ্রমিক সমাজ ব্যথিত হয়েছে।
আরও পড়ুন
এমতাবস্থায় দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় নেতৃবৃন্দ আন্দোলনরত সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনসহ সকল গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন ও অগ্রগামী নির্লোভ লড়াকু শ্রমিক ভাই-বোনদের ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি প্রতিবার মজুরি নির্ধারণ নিয়ে সৃষ্ট অস্থিরতা সৃষ্টিকারী আমলা দালাল লুটেরা পুঁজির মালিক ও সরকারের ব্যবস্থার পরিবর্তনের লড়াই জারি রাখতে আহবান করেন। বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট সংকট নিরসনে বাজারদর ও মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে একটি বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন করার দাবি জানানো হয়।