মঙ্গলবার রাতে ঢাকায় নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য নতুন এই গ্রেডভিত্তিক মজুরি কাঠামো সুপারিশ করা হয়। নতুন সুপারিশ অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী
মন্ত্রী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ মজুরি বৃদ্ধির ভিত্তিতে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ২০২৬ সালে বছরওয়ারি ১২ শতাংশ মজুরি বৃদ্ধির ভিত্তিতে নিম্নতম গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারের তুলনায় ২০২৬ সালের সুপারিশকৃত বৃদ্ধির হার বেশি বলেও উল্লেখ করেন তিনি।
নতুন মজুরি কাঠামো সুপারিশ করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।
আরও পড়ুন
শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রম আইন সংশোধনসহ ইতিবাচক সংস্কারের অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়তা করবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেও জানান তিনি।
শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।