রাজনীতি

জুলাই অভ্যুত্থানের স্মরণে মধ্যরাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করবে ছাত্রদল

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পহেলা জুলাই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শীর্ষক মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৩০ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সংশ্লিষ্ট সবার অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। একইসঙ্গে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলাম-সংগ্রামের দ্বিতীয় বর্ষপূর্তিও এসব কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে।

আরও পড়ুন

কর্মসূচির প্রথম ধাপে আগামী ১ জুলাই প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শীর্ষক অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল।

ছাত্রদল জানিয়েছে, ৩০ জুন রাত ১১টা থেকে কর্মসূচি শুরু হবে।

একই বিভাগের আরও খবর