ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্যের কাছে পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন এবং দায়িত্ব পালন করবেন।
গাঢ় নীল-খাকি ইউনিফর্মে ফিরল পুলিশ, আজ থেকেই কার্যকর নতুন পোশাক
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের সংস্কারের দাবির অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী গত বছরের ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা লোহা-ধূসর রঙের শার্ট এবং কফি-বাদামি ধূসর রঙের প্যান্ট পরা শুরু করেন। তবে ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশের পোশাক পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রঙ ও নকশায় পরিবর্তন আনে।
আরও পড়ুন
নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম থাকবে।
এছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। তারা চাইলে গাঢ় নীল শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। প্রয়োজনে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরতে হবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা পোশাক পরতে পারবেন। এছাড়া গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন সাপেক্ষে নারী পুলিশ সদস্যরা সাধারণ পোশাক ব্যবহারের সুযোগ পাবেন।