সাক্ষাৎ প্রসঙ্গে আব্দুল জব্বার মণ্ডল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমাদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। কিছু বিষয়ে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন।”
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল
প্রধানমন্ত্রী কোনো বিশেষ বার্তা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বলেছেন, তবে এখন এ বিষয়ে কিছু বলতে চাই না। তিনি আমাদের পুরো টিমের প্রশংসা করেছেন।”
এদিকে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণিকে সদস্য করে এ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব, মাঠপর্যায়ে উন্নত সরঞ্জামের প্রয়োজনীয়তা এবং প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির দাবিও জানান তারা।
প্রধানমন্ত্রী বলেন, “সমস্যা থাকবেই। তারপরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে।”
উল্লেখ্য, আব্দুল জব্বার মণ্ডল দীর্ঘদিন ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাঠপর্যায়ের অভিযানে দায়িত্ব পালন করছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন।