বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল ব্যবহার উপযোগী করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কারণে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাস্তবায়ন করবে।
সূত্র জানায়, ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষ ও আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক কাজটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জানা গেছে, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ টার্মিনালটি চালুর উপযোগী করার নির্দেশ দেয়।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা।
প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্মে ঢালাই ও টাইলস বসানো, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় যানবাহনের চাপ কমবে এবং রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।