মঙ্গলবার (৬ অক্টোবর) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, বাংলাদেশ সবার। দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
পূজার প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পূজা মণ্ডপের আশপাশের সড়কবাতি সচল রাখা এবং ড্রেন-নর্দমা পরিষ্কারের কাজ দ্রুত শেষ করা হবে। পূজার তিন দিন আগে নগর ভবনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করে বলেন, অনুদানের পাশাপাশি সব মণ্ডপের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটিই তাদের জন্য গুরুত্বপূর্ণ।



