রাজনীতি

গণভোটের দাবি নিয়ে আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

বেলা আড়াইটায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

এতে আরও বক্তব্য রাখবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। এছাড়া বিভাগীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেবেন।

আরও পড়ুন

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

তিনি রংপুর বিভাগের সর্বস্তরের মানুষকে সমাবেশে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

একই বিভাগের আরও খবর