একতরফা ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমেই চলমান সংকটের সুরাহা করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে স্বাক্ষর, আইনি ভিত্তি ও গণভোটে পাস হওয়ার পরও সরকার তা মানতে চাইছে না।
এনসিপির এই নেতা আরও বলেন, যেসব সংস্কার প্রস্তাবে বিএনপির কোনো আপত্তি বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল না, সেগুলোও তারা বাস্তবায়ন করছে না। পুলিশ সংস্কার কমিশন গঠন, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সংসদের স্থায়ী কমিটিতে আনুপাতিক হারে বিরোধী দল থেকে সভাপতি করার সিদ্ধান্তগুলো সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। সামগ্রিকভাবে কোনো সংস্কারই যাতে বাস্তবায়িত না হয়, সরকার সেই প্রক্রিয়াই অনুসরণ করছে বলে মন্তব্য করেন তিনি।


