শেয়ারবাজার

শিগগিরই বন্ধ কোম্পানি ডিলিস্টিং হচ্ছে না, গণমাধ্যমের খবর ভিত্তিহীন: বিএসইসি

ঢাকা ম্যাগাজিন ডেস্ক প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ মিনিটে পড়া যাবে

রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে কমিশন এ ব্যাখ্যা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেয়ারবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যানের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বন্ধ কোম্পানিগুলোকে দ্রুত ডিলিস্টিং করা হবে বলে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা চেয়ারম্যানের বক্তব্যের সঠিক প্রতিফলন নয়।

বিএসইসি জানায়, বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকা কোম্পানিকে অনির্দিষ্টকাল তালিকাভুক্ত রাখা হয় না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম, যেখানে বহু বছর ধরে কার্যক্রমহীন কিছু কোম্পানি এখনও তালিকাভুক্ত রয়েছে। এতে বিশেষ করে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে পড়ছেন।

আরও পড়ুন

কমিশনের ভাষ্য অনুযায়ী, এ ধরনের কোম্পানির বিষয়ে প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের। ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি পর্যালোচনা করছে এবং একটি স্বচ্ছ ও যৌক্তিক প্রক্রিয়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময়, যেমন এক বছরের মধ্যে কার্যক্রমে ফিরতে সুযোগ দেওয়া হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রমে ফিরতে ব্যর্থ হলে বিদ্যমান আইন, বিধিমালা ও লিস্টিং রেগুলেশন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে বিনিয়োগকারীদের প্রতি সতর্কবার্তায় বিএসইসি বলেছে, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ, গোয়িং কনসার্ন সংকটে থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা বা লভ্যাংশ না দেওয়া কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।

একই বিভাগের আরও খবর